অস্ট্রেলিয়ায় ম্যালকম টার্নবুল সরকারের মেয়াদ শেষ হতে চলছে। দেশটির ৪৬তম জাতীয় নির্বাচন হবে চলতি বছরের ৪ আগস্ট থেকে আগামী বছরের ১৮ মের মধ্যে। এ সময়ে দেশটির সংসদ সদস্য (নিম্নকক্ষ) নির্বাচন করা হবে। ২০১৯ সালের ২ নভেম্বরের আগে রাজ্য আইনপ্রণেতাদের নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে প্রচারে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। অস্ট্রেলিয়ার সরকারি […]
অস্ট্রেলিয়ায় ম্যালকম টার্নবুল সরকারের মেয়াদ শেষ হতে চলছে। দেশটির ৪৬তম জাতীয় নির্বাচন হবে চলতি বছরের ৪ আগস্ট থেকে আগামী বছরের ১৮ মের মধ্যে। এ সময়ে দেশটির সংসদ সদস্য (নিম্নকক্ষ) নির্বাচন করা হবে। ২০১৯ সালের ২ নভেম্বরের আগে রাজ্য আইনপ্রণেতাদের নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে প্রচারে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। অস্ট্রেলিয়ার সরকারি দল লিবারেল পার্টি দলীয়ভাবে প্রস্তুতি শুরু করেছে। আর নির্বাচনী কাজে মাঠে নেমে গেছে বিরোধী দল লেবার পার্টি।
কে হবেন অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কিংবা কোন দল গঠন করবে আগামী সরকার এমন প্রশ্ন অস্ট্রেলিয়ার নাগরিকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার ১৫১টি আসনে নির্বাচন হবে। সরকার গঠন করতে একটি দলকে ৭৬টি আসনে জয়লাভ করতে হয়। বর্তমান ম্যালকম টার্নবুলের লিবারেল পার্টির সরকার ৭৬ আসন সংগ্রহ করে ক্ষমতায় আসে। তাঁরা জোটবদ্ধভাবে মোট ভোটের ৫০ দশমিক ৩৬ শতাংশ পায়। জোটে লিবারেল পার্টি পায় ৪৬ আসন। লিবারেল ন্যাশনাল পার্টি অব কুইন্সল্যান্ড (এলএনপি) পায় ২১ আসন। আর ন্যাশনাল পার্টি পায় ৯ আসন।
বর্তমান বিরোধী দল লেবার পার্টির পক্ষে জয় আসে ৬৯টি আসনে। তাঁরা মোট ভোট ৪৯ দশমিক ৬৪ শতাংশ পায়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কিছু আসন বাতিল হওয়ায় বর্তমান সংসদে দলটির ৬৫ আসন রয়েছে। এ ছাড়া অন্যান্য দলের মধ্যে গ্রিনস, সেন্টার অ্যালায়েন্স ও ক্যাটারস অস্ট্রেলিয়ান দল একটি করে আসনে জয় পেয়ে সংসদে আসে।
অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচন শুরু হওয়ার সবচেয়ে মোক্ষম সময় চলতি বছরের আগস্ট। নির্বাচন সামনে রেখে প্রচার নিয়ে কাজ করেছে দেশটির বিরোধী দল লেবার পার্টি। নিউ সাউথ ওয়েলস রাজ্যসহ দেশটির বিভিন্ন শহরে তাঁরা নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। এ বিষয়ে দলটির প্রধান বিল শর্টেন বলেন, ‘সরকার যখনই নির্বাচন ডাকুক, আমরা তৈরি।’
নির্বাচনী জরিপে লেবার পার্টি এগিয়ে রয়েছে। তা সত্ত্বেও দলটি নিজেদের জয়কে এবার একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, এবারের নির্বাচনে দলটি তাঁদের নিজস্ব নীতিমালা অনুসরণ করবে। বিল শর্টেন বলেন, এ বছর একটি বড় ও ন্যায্য ধারণা নিয়ে নির্বাচনে আসবে লেবার পার্টি।