নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) : সিডনি জুড়ে শীতের আয়োজন বর্ণিল পিঠা উৎসব চলছে। প্রতিবারের মতো গত ২৪ মে রবিবার সিডনির বিশিষ্ট বাঙালী কবি হায়াত মাহমুদ ও তার কোগরার বাসভবনের আঙিনায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ওইদিন রকমারি পিঠা তৈরিতে ব্যস্ত ছিলেন স্থানীয়রা। অন্যরা একের পর এক গরম ভাপা পিঠা […]
নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) :
সিডনি জুড়ে শীতের আয়োজন বর্ণিল পিঠা উৎসব চলছে। প্রতিবারের মতো গত ২৪ মে রবিবার সিডনির বিশিষ্ট বাঙালী কবি হায়াত মাহমুদ ও তার কোগরার বাসভবনের আঙিনায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
ওইদিন রকমারি পিঠা তৈরিতে ব্যস্ত ছিলেন স্থানীয়রা। অন্যরা একের পর এক গরম ভাপা পিঠা বানিয়ে আর বাসা থেকে বানিয়ে আনা রকমারি পিঠায় সাজিয়ে তুলেন পিঠা উৎসবের কলাপাতায় মোড়ানো টেবিল। সেখানে বেতের ঝুড়ি ও মাটির হাঁড়িতে থরে থরে শোভা পায় ভাপা-পিঠা, চিতই, মুগ-পাকান, মুগ-পুলি, পাটিসাপটা, নারিকেল, তিলেরসহ আরও নানা ধরনের লোভনীয় পিঠা। আকর্ষণীয় ও সুস্বাদু পিঠার পাশাপাশি হাতে বানানো রুটি, গরু আর মুরগির মাংসের তরকারি ছিল নাস্তার মেন্যুতে।
পিঠার টেবিলের মাঝখানে ছিল বাঙালীর প্রিয় শীত মৌসুমের খেজুরের রস। এই রস মাটির কলসে খেজুরের পাতায় মুড়ে টেবিলে উপস্থাপন করা হয়।
পুরো অনুষ্ঠানস্থল রকমারি বড় বড় ছাতা ও চেয়ারে আকর্ষণীয় করে সাজান হয়। পিঠা-পুলি, সুস্বাদু খাবারের সমাহার আর সুঘ্রাণের সাথে গাছগাছালি-ঘেরা পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে রেকর্ডারে বাজানো জনপ্রিয় বাংলা সংগীতের অনবদ্য মূর্ছনা।
মাঝ দুপুরে সবার জন্য ছিল শৌখিন রন্ধন শিল্পী হেলাল ভাইয়ের বিখ্যাত খাসির বিরিয়ানি, কাবাব, ঝাল মুরগি, পোলাও ও সালাদ।
দিনের শেষে পরিবেশিত হয় দেশীয় স্বাদের চা ও পান-সুপারি।