অস্ট্রেলিয়া প্রবাসী নাট্যকার ও পরিচালক আকিদুল ইসলামের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটি এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আর টিভিতে প্রচার শুরু হবে।
আকিদুল ইসলাম জানান, প্রথম ৫২ পর্ব অস্ট্রেলিয়ার সিডনিসহ বিভিন্ন এলাকায় চিত্রায়ন করা হবে। এরই মধ্যে সিডনি ও গোল্ড কোস্ট মিলিয়ে ২৬ টি পর্বের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি পর্বেই স্থানীয় দর্শনীয় স্থানগুলির পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে এই ভ্রমণ চিত্রের পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও জানান, এই দীর্ঘ ধারাবাহিকটি মূলত অস্ট্রেলিয়ার সমসাময়িক ও ঐতিহাসিক তথ্য ও উপাত্তসমুহের চিত্রায়িত রূপ।পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসকারী পঞ্চাশ হাজারেরও বেশী প্রবাসী বাংলাদেশীদের নিত্যদিনের জীবন- সংগ্রাম, হাসি-কান্না, সুখ-দুঃখ ও সাফল্য অর্জনের ইতিহাস অতি যত্ন সহকারে তুলে ধরা হয়েছে।
এই ধারাবাহিক ভ্রমণ চিত্রের উপস্থাপনায় রয়েছেন, শামান্তা ইসলাম এবং রুপন্তি। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রভাত হাসান ও রাকেশ মণ্ডল। তাদের সঙ্গে থাকছেন এক ঝাঁক মেধাবী তরুণ তরুণী। অস্ট্রেলিয়া কেন্দ্রিক নির্মাণ প্রতিষ্ঠান বাসভূমি’র ব্যানারে নির্মিত এই ভ্রমণ চিত্রটি ৫০০ পর্বের হবে বলে নির্মাণ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।