নাইম আবদুল্লাহঃ অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন “বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া” প্রতি বছর সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলার আয়োজন করে আসছে। আর এ বৈশাখী মেলাটি হচ্ছে বাংলাদেশী কমিউনিটি তথা অস্ট্রেলিয়ার বৃহত্ত্ম মেলা আয়োজন। মেলায় আগত দর্শককুলের চিত্তবিনোদন ও সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আগামী ২০১৬ সালের বৈশাখী মেলা সিডনির ‘এএনজেড স্টেডিয়ামে’ করার সিদ্বান্ত নেয়া হয়েছে। […]
নাইম আবদুল্লাহঃ অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন “বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া” প্রতি বছর সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলার আয়োজন করে আসছে। আর এ বৈশাখী মেলাটি হচ্ছে বাংলাদেশী কমিউনিটি তথা অস্ট্রেলিয়ার বৃহত্ত্ম মেলা আয়োজন। মেলায় আগত দর্শককুলের চিত্তবিনোদন ও সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আগামী ২০১৬ সালের বৈশাখী মেলা সিডনির ‘এএনজেড স্টেডিয়ামে’ করার সিদ্বান্ত নেয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর (রবিবার ) বিকেলে বৈশাখী মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া কনকর্ডে তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
প্রথমে সংগঠনের সাধারণ সম্পাদক তুষার রায় সংবাদ সম্মেলনে অংশগ্রহনকারী বাংলাদেশী কমিউনিটি মিডিয়ার সকল সাংবাদিকদের অংশগ্রহন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
তারপর সংগঠনের সভাপতি শেখ শামীম উল হক আগামী ২০১৬ সালে অনুষ্ঠিতব্য আগামী বৈশাখী মেলার স্থান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, আপনারা সবাই জানেন যে প্রথমে বঙ্গবন্ধু পরিষদ ও পরবর্তীতে বঙ্গবন্ধু কাউন্সিল সিডনিতে বৈশাখী মেলার আয়োজন করে আসছে। তার মধ্যে গত তের বছর আমরা বারুদে এবং তারপর থেকে গত বছর পর্যন্ত দশ বছর আমরা সিডনির অলিম্পিক পার্কের এথলেটিক সেন্টারে বৈশাখী মেলার আয়োজন করে আসছি। তারপর এই সেন্টার বন্ধ হয়ে যাওয়াতে এই বছর আমরা সিডনির অলিম্পিক পার্কের টেনিস সেন্টারে বৈশাখী মেলার করেছিলাম।
তিনি দুঃখের সাথে আরও বলেন যে, এই বছর আয়োজিত টেনিস সেন্টারের বৈশাখী মেলার অপারেটর কিংবা সংগঠক হিসেবে ব্যবস্থাপনায় আমাদের যেমন কিছু সমস্যা হয়েছে তেমনি দর্শকদেরও নানা বিড়ম্বনা ও সমস্যা পোহাতে হয়েছে। দর্শককুলের চিত্তবিনোদনের কথা মনে রেখে আমরা আগামী ২০১৬ সালের বৈশাখী মেলা সিডনির এএনজেড স্টেডিয়ামে করার সিধান্ত নিয়েছি।
এই সময় উপস্থিত মিডিয়ার সবাই করতালি দিয়ে এই নুতন ভেনুকে অভিনন্দন জানান। উল্লেখ্য, এএনজেড স্টেডিয়ামে আগামী বছরই সর্বপ্রথম কোন মেলার আয়োজন করা হবে। এই স্টেডিয়ামের গ্যালারীতে পঁচাশি থেকে পঁচানব্বই হাজার দর্শক বৈশাখী মেলার আয়োজন উপভোগ করতে পারবে।
সবশেষে, বৈশাখী মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে শেখ শামীম উল হক মিডিয়াসহ সর্বস্তরের প্রবাসী বাঙ্গালীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ছবি : আনিসুর রহমান