নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আমস্টারডাম যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবু ধাবীতে ৫ ঘণ্টা যাত্রা বিরতি করেন। ডাচ অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মেলানি শুল্টজ ভান হায়েজেন, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এবং […]
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আমস্টারডাম যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবু ধাবীতে ৫ ঘণ্টা যাত্রা বিরতি করেন।
ডাচ অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মেলানি শুল্টজ ভান হায়েজেন, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এবং ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লেওনি মারগারেতা কুয়েলেনায়েরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আসা হয় গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দ্য হেগে। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজকীয় প্রাসাদে নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাত করবেন।
গতকাল বুধবার তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন। আলোচনায় হল্যান্ড সরকারের প্রস্তাবিত ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কৃষি, শিল্প, ব্যবসা বিনিয়োগ, শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হল্যান্ড সরকারের সহযোগিতার বিষয়ে বিভিন্ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এছাড়া, এফবিসিসিআই, বিজিএমইএ এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দসহ বাংলাদেশের একটি ১৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল নেদারল্যান্ডে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন।