গত ৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্ণের পারসিভাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত মিউচুয়্যাল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম হোসেনের সভাপতিত্বে এবং শিবলী আব্দুল্লাহ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলেহা হক।
টুর্নামেন্টে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নার্গিস বানু, নাবিলা বানু এবং রানার্সআপ হয়েছেন তানিসা ইকবাল ও ফারজানা আহমেদ। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আদিল শরিফ রবিন ও আবু শাহেদ এবং রানার্সআপ হয়েছেন মামুন রহমান ও সুসান রহমান।
গত ৫ আগস্ট শুরু হয়েছিলো চার দিনব্যাপী এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে পুরুষ ও মহিলাদের ৪৬টি দল অংশ নেয়। উল্লেখ্য, গত ১০ বছর ধরে সিডনিতে এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিউচুয়্যাল হোমসের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ হক, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক রাশেদ খান, ব্যবসায়ী এনাম হক, রশিদ ভূঁইয়া, কাউন্সিলর ক্যারেন হান্ট, মাসুদ চৌধুরী, শাহে জামান, মো: নাজমুল হুদা, সুমন সাহা প্রমুখ।