ব্রিটেনে নতুন বাংলাদেশি হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা তাসনীম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সাইদা মুনা তাসনীম বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কূটনীতিক মুনা বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন ক্যাপাসিটিতে কর্মরত ছিলেন।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।