অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। এরই অন্যতম কীভাবে টস জিততে হয়। মুদ্রা নিক্ষেপ ব্যাপারটা পুরোপুরি ভাগ্যের হাতে হলেও ধোনি কী করে যেন সেই ভাগ্যটাকেও বেশ বশ মানিয়ে রেখেছেন। ধোনির টস-ভাগ্য আজও কাজে দিল বলেই প্রথমে ব্যাট করার সুযোগটা পেল ভারত। দলীয় ৩৪ রানে ওপেনার রোহিত শর্মাকে হারিয়ে ফেলার পরও […]
অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। এরই অন্যতম কীভাবে টস জিততে হয়। মুদ্রা নিক্ষেপ ব্যাপারটা পুরোপুরি ভাগ্যের হাতে হলেও ধোনি কী করে যেন সেই ভাগ্যটাকেও বেশ বশ মানিয়ে রেখেছেন। ধোনির টস-ভাগ্য আজও কাজে দিল বলেই প্রথমে ব্যাট করার সুযোগটা পেল ভারত।
দলীয় ৩৪ রানে ওপেনার রোহিত শর্মাকে হারিয়ে ফেলার পরও ভারত কিন্তু ভালোমতোই ধেয়ে চলেছে। দলকে নিয়ে ধাইছেন শিখর ধাওয়ান আর বিরাট কোহলি। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। ২৬ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৩৪। বিশ্বকাপ অভিষেকেই ফিফটির দেখা পেয়েছেন ধাওয়ান (৫৯*)। কোহলি ব্যাট করছেন ৫৬ রানে।
অথচ গত ত্রিদেশীয় সিরিজেও এই দুজনের ফর্ম নিয়ে কম কথা হয়নি। ধাওয়ান সেই সিরিজে চার ইনিংসে করেছেন মাত্র ৪৯ রান। ‘নতুন টেন্ডুলকার’ কোহলির অবস্থা আরও খারাপ। একবারও দুই অঙ্কের ইনিংস খেলতে না পারা কোহলি চার ইনিংসে করেছেন মোটে ২৪!
ঠিক সময়েই জ্বলে উঠলেন দুজন। এর চেয়ে ভালো সময়ে ফর্মে ফেরা হতো না। ১০০ রানে অবিচ্ছিন্ন দুজনের জুটি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের মাত্র তৃতীয় শত রানের জুটি।
সবকিছুই এখন ভারতের পক্ষে চলছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিশ্বকাপে কখনো জিততে না পারার চাপের বৃত্তটা পাকিস্তান ভাঙতে পারে কি না, সেটাই দেখার। প্রথমে ব্যাট করতে পারাটা ভারতকে সাহায্য করতে অবশ্যই। এমন স্নায়ুচাপের ম্যাচে রান তাড়া করা সব সময়ই কঠিন।
পরিসংখ্যানও বলছে, এর আগে বিশ্বকাপে ভারত-পাকিস্তান পাঁচ দ্বৈরথে টস আর প্রথমে ব্যাট করা গুরুত্বপূর্ণ প্রভাবক ছিল। পাঁচ ম্যাচের চারটিই জিতেছে টসে জেতা আর প্রথমে ব্যাট করা দলই! ধোনির টস জেতাটাও আজ মনস্তাত্ত্বিক খেল হয়ে উঠতে পারে বৈকি!
( সূত্র : প্রথম আলো )