Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
৮:২১ এএম, ২৪ জুন ২০১৫

সিডনিতে শুভমিতা’র সঙ্গীত সন্ধ্যা “সুরের বন্যা নাচে”

।। খন্দকার জাহিদ হাসান ।। বাংলা গানের জগতের উজ্জ্বলতম তারকা শুভমিতা ব্যানার্জী সঙ্গীত পরিবেশন করতে সদলবলে অস্ট্রেলিয়া আসছেন। পাঁচ সদস্যবিশিষ্ট এই টীমে থাকছেন শিল্পী নিজে এবং আরও চারজন বাদ্যযন্ত্রী। বর্তমানে এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা আকাশচুম্বী এবং দুই বাংলার শ্রোতাদের মাঝে তাঁর গান ব্যাপকভাবে সমাদৃত। এবারের ২০১৫-এর সাংস্কৃতিক সফরকালে তিনি আগামী ১২ই সেপ্টেম্বর (শনিবার) সিডনী’র ক্যাম্পসিতে অবস্থিত […]

সিডনিতে শুভমিতা’র সঙ্গীত সন্ধ্যা “সুরের বন্যা নাচে”
৪ মিনিটে পড়ুন |

।। খন্দকার জাহিদ হাসান ।।

বাংলা গানের জগতের উজ্জ্বলতম তারকা শুভমিতা ব্যানার্জী সঙ্গীত পরিবেশন করতে সদলবলে অস্ট্রেলিয়া আসছেন। পাঁচ সদস্যবিশিষ্ট এই টীমে থাকছেন শিল্পী নিজে এবং আরও চারজন বাদ্যযন্ত্রী। বর্তমানে এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা আকাশচুম্বী এবং দুই বাংলার শ্রোতাদের মাঝে তাঁর গান ব্যাপকভাবে সমাদৃত। এবারের ২০১৫-এর সাংস্কৃতিক সফরকালে তিনি আগামী ১২ই সেপ্টেম্বর (শনিবার) সিডনী’র ক্যাম্পসিতে অবস্থিত অরিয়ন ফাংশন সেন্টারে “সুরের বন্যা নাচে” শীর্ষক এক  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন।

সুধাকণ্ঠী শুভমিতা ব্যানার্জী এক অপার্থিব কণ্ঠের অধিকারী এবং তাঁর কণ্ঠমাধুর্যে আজ ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশের আকাশ-বাতাস অনুরণিত। শুভমিতার গীতিময় কণ্ঠ স্বর্গীয়। তাঁর গায়কী অসাধারণ ও অনন্য। তা ছাড়া তিনি গান নির্বাচনের ব্যাপারেও খুবই উন্নত রুচির পরিচয় দিয়ে থাকেন। বহুল-অনুশীলিত ও রাগচর্চিত সুললিত কণ্ঠের অধিকারিণী শুভমিতা ব্যানার্জী আরোহী-অবরোহীর স্বপ্নিল সিঁড়ি বেয়ে অনায়াসেই ওঠানামা করতে পারেন, আর অবলীলায় গেয়ে যান সব ধরণের গান। তাঁর সুরেলা কণ্ঠে যে-কোনো ভাল গানই হয়ে ওঠে ভীষণ শ্রুতিমধুর। শুভমিতার গলায় এক দুর্লভ ধরণের বহুমুখিতা বা বিচিত্রমুখিতা রয়েছে, যার কারণে এই শিল্পী যে-কোনো ধরণের গানই অত্যন্ত নৈপুণ্যের সাথে গাইতে সক্ষম। তাঁর গাওয়া রবীন্দ্র-সংগীত গানের ভুবনে এক ভিন্নমাত্রা যোগ করেছে। এ ছাড়া ভক্তিমূলক, রাগাশ্রয়ী এবং নগরভিত্তিক আধুনিক জীবনবোধসম্পন্ন ও নান্দনিক ধাঁচের গান পরিবেশনেও তাঁর জুড়ি মেলা ভার। আর তার প্রমাণ শুভমিতা তাঁর অনেক গানের মাধ্যমেই দিয়েছেন।

আগামী ১২ই সেপ্টেম্বর ২০১৫ (শনিবার) সিডনীতে শুভমিতা ব্যানার্জীর যে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আয়োজক “সুর ইভেণ্টস্‌”, যার প্রতিষ্ঠাতা সুমন সাহা। কলেজ জীবনে তিনি নটর ড্যাম কলেজের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তীর আয়োজক কমিটির টীম সদস্য হিসাবে নিযুক্ত হন, যা ছিল তাঁর জন্য একটি দুর্লভ সম্মানের বিষয়। গত ২০১২ সালে সিডনীস্থ ইউনিভার্সিটি অব্‌ নিউ সাউথ ওয়েলস্‌ প্রাঙ্গনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত সংগীত উৎসবের প্রধান আয়োজকদের মধ্যে সুমন সাহা ছিলেন অন্যতম, যে অনুষ্ঠানে ভুপিন্দর সিং, মিতালী সিং, ঊষা উথুপ, রুনা লায়লা, শ্রীকান্ত আচারিয়া, রেজোয়ানা চৌধুরী বন্যা, রুপম ইসলাম এবং অনেক স্থানীয় শিল্পী অংশ গ্রহণ করেন। অতি সম্প্রতি ২৫ এপ্রিল ২০১৫ লিভারপুলের হুইট্‌লাম সেন্টারে “সুর ইভেণ্টস্‌”-এর উদ্যোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উথুপের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় এবং প্রায় ১৪০০ দর্শক–শ্রোতার সমাগমে অনুষ্ঠিত সেই বিশাল কনসার্ট “সুর ইভেণ্টস্‌”-এর জন্য এক বিরাট সাফল্য ও সুনাম বয়ে নিয়ে আসে।

এ-বছর কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জীর অস্ট্রেলিয়ায় আগমনের সাথে একটি বিশেষ তাৎপর্যও জড়িয়ে রয়েছে। তিনি সম্প্রতি আমার লিখা ও সুরারোপ করা ১০টি গান গেয়েছেন। আমি শুধু এই গানগুলির গীতিকার ও সুরকারই নই, সার্বিক বাদ্য রচয়িতা ও সামগ্রিক বাদক হিসেবেও আমার ভূমিকা রেখেছি। ১০টি গানের এই অ্যালবামটির নামঃ “সুরের বন্যা নাচে” এবং বর্তমানে এটি মুক্তি লাভের জন্য অপেক্ষারত। এই গানের অ্যালবামে শুভমিতা ব্যানার্জী আটটি একক ও দুটি দ্বৈত সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন।

১২ই সেপ্টেম্বর (শনিবার) অরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিতব্য শুভমিতার সাংস্কৃতিক সন্ধ্যা যে কারণে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হিসেবে বিবেচিত হতে যাচ্ছে, তা হলঃ উক্ত কনসার্টে স্বয়ং শুভমিতা ব্যানার্জী তাঁর জনপ্রিয় ও উৎকৃষ্ট মানের সব গান পরিবেশন ছাড়াও এই অ্যালবামটির রিলিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। অ্যালবামটির আনুষ্ঠানিক রিলিজের এই ব্যাপারটি উক্ত কনসার্টে একটি ভিন্ন মাত্রা যোগ করবে, যা অস্ট্রেলিয়া-প্রবাসী সকল বাঙ্গালীর জন্য একটি গর্বের বিষয় হতে পারে। কারণ আমি অস্ট্রেলিয়ার মাটিতে বসেই এই গানগুলির কথা, সুর ও যন্ত্রসঙ্গীত রচনা করেছি। সব বাজনাই আমার নিজের হাতে বাজানো এবং সৃষ্টি করা। “সুরের বন্যা নাচে” শিরোনামের এই মিউজিক অ্যালবামটির দুটি ভার্শন থাকবেঃ অডিও ও ভিডিও। এই গানগুলিতে আমি শাশ্বত বাংলার চিরন্তন সুরের চির-অম্লান আর মর্মস্পর্শী আবেদন সন্নিবেশ করার চেষ্টা করেছি। গানের ভিডিওগুলি শিল্পী এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার একঝাঁক উচ্ছল ভিডিও তারকার সমন্বয়ে নির্মিত। সিডনী, কোলকাতা ও ঢাকা টীমের এক সমন্বিত প্রচেষ্টার ফসল এই গানের অ্যালবামঃ “সুরের বন্যা নাচে”। এতে থাকছে বৈচিত্র্যময় গানসমূহের এক অভূতপূর্ব সমাবেশঃ পাঁচটি অবিনশ্বর প্রেমের গান, দুটি মনোমুগ্ধকর নাচের গান, একটি প্রার্থনা সঙ্গীত, একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সঙ্গীত এবং আদম-হাওয়ার অমর উপাখ্যানভিত্তিক একটি সঙ্গীত। এই অ্যালবামের গানগুলি সকল বয়সের এবং সকল শ্রেণীর দর্শক-শ্রোতাদেরই ভাল লাগবে বলে আমি আশা করছি। উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ উক্ত ভেন্যুতে “সুরের বন্যা নাচে” অ্যালবামের কপি ক্রয়ও করতে পারবেন।

সিডনী তথা অস্ট্রেলিয়ার সকল সম্মানিত বাংলাভাষী বাঙ্গালী দর্শক-শ্রোতার কাছে অনুষ্ঠান আয়োজকদের একান্ত অনুরোধঃ ১২ই সেপ্টেম্বর (শনিবার) ক্যাম্পসির অরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিতব্য শুভমিতার সাংস্কৃতিক সন্ধ্যার উপরোক্ত বিশেষত্বের কথা বিবেচনা করে তাঁরা যেন সব ধরণের সহযোগিতা ও সমর্থন প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

বিনোদন সংবাদ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com