নিউজিল্যান্ডের অকল্যান্ডে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশী চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে গান বাকসো’র উদ্যোগে। নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের জন্য এটি একটি মাইলফলক।
‘গান বাকসো’ নিউজিল্যান্ডের আয়োজকরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত বাংলাদেশী চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন দেশটিতে।
চলচ্চিত্রটি নির্মিত হয়েছে খ্যাতনামা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস ‘দেবী’ থেকে। সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। চলচ্চিত্রটির প্রযোজক জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
দেবী চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৯ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ও ১০ই নভেম্বর অস্ট্রেলিয়ায় এবং এরপর প্রদর্শিত হবে নিউজিল্যান্ডে।
‘দেবী’ ছবির নায়িকা জয়া আহসান বাংলাদেশ থেকে টেলিফোনে বলেছেন, ‘আশা করছি ছবিটি প্রবাসীদেরও অন্য রকম আনন্দ দেবে।’
অস্ট্রেলিয়ার ‘দেবী’ ছবির পরিবেশক বঙ্গজ ফিল্ম এবং গান বাকসো নিউজিল্যান্ডের যৌথ প্রচেষ্টায় নিউজিল্যান্ডে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।