হবিগঞ্জ শহরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত বখাটে রুহুল আমিনকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে সদর উপজেলার রিচি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় তার […]
হবিগঞ্জ শহরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত বখাটে রুহুল আমিনকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে সদর উপজেলার রিচি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুহুল হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় তার মামা মোবারক হোসেনের বাসায় থেকে সে লেখাপড়া করত।
গত ২৬ আগষ্ট দুপুরে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী বাসায় ফেরার পথে রুহুল আমিন তাকে রাস্তায় আটকায়। এক পর্যায়ে ওই ছাত্রীর চুলে ধরে চড়-থাপ্পড় মারতে থাকে। এ দৃশ্যটি তারই কয়েকজন বন্ধু মোবাইলে ভিডিও করে।
জানা যায়, দীর্ঘদিন যাবত মেয়েটিকে উত্যক্ত করে আসছিল রুহুল আমিন। প্রেমের ডাকে সাড়া না দেয়ায় মেয়েটির উপর এ অমানবিক নির্যাতন করা হয়। ২৬ আগষ্ট ঘটনা ঘটলেও মান-সম্মানের ভয়ে মেয়েটির পরিবার এতোদিন নীরবই ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে শহরে। পরে আজ শুক্রবার দুপুরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম শুক্রবার বলেন, “বিষয়টি অত্যন্ত অমানবিক। প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, ঘটনাটি ঘটার সাথে সাথে কেউ আমাদেরকে জানায়নি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই।”