এই স্বাধীনতা দিবসে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের যান্ত্রিক অনুবাদ গুগল অনুবাদে এক দিনে চার লাখ বাংলা শব্দ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারা দেশের ৬০টিরও বেশি স্থান থেকে একযোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। এই প্রক্রিয়া সফল হলে গুগল অনুবাদের মাধ্যমে বিশ্বের প্রায় ৯০টি ভাষায় বাংলাকে ছড়িয়ে দেওয়ার কাজটি […]
এই স্বাধীনতা দিবসে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের যান্ত্রিক অনুবাদ গুগল অনুবাদে এক দিনে চার লাখ বাংলা শব্দ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারা দেশের ৬০টিরও বেশি স্থান থেকে একযোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।
এই প্রক্রিয়া সফল হলে গুগল অনুবাদের মাধ্যমে বিশ্বের প্রায় ৯০টি ভাষায় বাংলাকে ছড়িয়ে দেওয়ার কাজটি এগিয়ে যাবে। এই উদ্যোগ নিয়েছে গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)৷
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাকে সব ক্ষেত্রে সবার ওপরে রাখতে আমরা আরেকটি রেকর্ড করতে যাচ্ছি আমাদের স্বাধীনতা দিবসে। পৃথিবীর যে প্রান্তেই যিনি আছেন, আসুন মাতৃভাষার জন্য একটু সময় দিই। আমরা এই কর্মসূচিকে বলছি “বাংলার জন্য চার লাখ”।’ সংশ্লিষ্টরা জানান, এর আগে গুগলে অন্য ভাষার সর্বোচ্চ শব্দ সংখ্যা ছিল ৩ লাখ ১ হাজার।
বাংলা অবশ্যই পৃথিবীর অন্যতম বড় ও সমৃদ্ধ ভাষা। কিন্তু দুঃখজনক হলো, ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার এখনো অতটা সমৃদ্ধ নয়। এ নিয়ে বাংলা ভাষাভাষীদেরই কাজ করতে হবে। গুগল অনুবাদে তথ্য যোগ করে সেটার অনেকটাই করা সম্ভব।’
এই সুবিধায় বাংলা যুক্ত হয়েছে ২০১১ সালে ৬৫তম ভাষা হিসেবে। আয়োজকদের অন্যতম জিডিজি বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ জানান, সুবিধার জন্য এখানে শব্দ বলতে শব্দ, শব্দসমষ্টি, বাগধারা, বাক্যাংশ এবং সম্পূর্ণ ও অসম্পূর্ণ বাক্যকে বোঝানো হয়েছে। যেহেতু গুগল অনুবাদ পরিসাংখ্যিক নিয়মে কাজ করে তাই একই শব্দ কয়েকজনকে অনুবাদ বা যাচাই করতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘গুগল অনুবাদে আমরা আমাদের ভাষাকে যত বেশি সমৃদ্ধ করতে পারব আমাদের তত বেশি লাভ। বর্তমানে বাংলা অনুবাদগুলো অনেক দুর্বল অবস্থায় আছে। নতুন নতুন শব্দ যোগ করলে তা আরও শক্তিশালী ও অর্থবহ হবে। ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি—দুই ভাষাতেই অনুবাদ করে তা প্রয়োজন অনুসারে কাজে লাগানো যাবে। এটি সঠিকভাবে বাস্তবায়ন হলে আসলে লাভ হবে সবার। অনুবাদ ডিজিটাল পদ্ধতিতেই করা যাবে। সময়ও বাঁচবে।’
আয়োজকেরা জানান, আজ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ৬০টির বেশি স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে স্বেচ্ছাসেবকেরা গুগল ট্রান্সলেশনে বাংলার জন্য অবদান রাখতে পারবেন৷ ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে হবে কেন্দ্রীয় আয়োজন৷ এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন থাকবে৷ যে কেউ এ আয়োজনে যোগ দিতে পারেন৷ বাসায় বসে কিংবা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেও এই কাজে অংশ নেওয়া যাবে। ১৪ এপ্রিল পর্যন্ত সময়ে যিনি সবচেয়ে বেশি বাংলা শব্দ যোগ করতে পারবেন, তিনি সিঙ্গাপুরে গুগল কার্যালয় ভ্রমণের সুযোগ পাবেন। এ ছাড়া অংশগ্রহণকারীরা বাংলা সমৃদ্ধ করার জন্য একটি ডিজিটাল সনদ পাবেন।
যেভাবে গুগল ট্রান্সলেশনে বাংলা শব্দ যোগ করবেন: translate. Google. com/community ঠিকানায় ঢুকে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হবে। প্রথমে ভাষা নির্বাচন করতে হবে৷ বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচন করে সেভ করুন৷ এখানে দুভাবে অনুবাদে অবদান রাখা যাবে—অনুবাদ করা অথবা যাচাই করা৷ অনুবাদ করতে চাইলে ‘বাংলা থেকে ইংরেজি’ বা ‘ইংরেজি থেকে বাংলা’ নির্বাচন করে অনুবাদ করুন৷ অনুবাদের নিয়মসহ আয়োজনের বিস্তারিত জানা যাবে WWW. Facebook. com/GDGBangla এই পেজ থেকে।